
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার চাপাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে সীমান্তের ৬১/১২ আর পিলারের কাছাকাছি বিএসএফের মাহেন্দ্রা ক্যাম্পের সদস্যরা গেট খুলে চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
এ সময় কুসুমপুর বিজিবি ফাঁড়ির (বিওপি) টহল দলের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে সেখানে অবস্থান নেন এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করেন।
বিজিবির বাধার মুখে ওই চারজন সীমান্তের প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের অংশে একটি কলাবাগানের মধ্যে অবস্থান নেন। শনিবার দুপুর পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার পর বিষয়টি নিয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি সীমান্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি।
অধিকার ডেস্কঃ 























