
বরিশালের গৌরনদীতে একটি পেশাদার চোর চক্রের অন্যতম মূলহোতা ইনছান সরদার ওরফে রাহুলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি কম্পিউটারও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গৌরনদী মডেল থানাধীন সুন্দরদী এলাকার বায়তুল নূর জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাহুল উত্তর চাঁদশী এলাকার বাবুল সরদারের ছেলে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসানের নির্দেশনায় এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। গত ২০ আগস্ট দায়েরকৃত দণ্ডবিধির ৪৫৭/৩৭৯ ধারার একটি মামলার (মামলা নং-২৬) তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাহুলকে গ্রেফতার দেখানো হয়।
পরবর্তীতে রাহুলের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী তল্লাশি চালিয়ে গত ১০ আগস্টের অপর একটি চুরি সংক্রান্ত মামলায় (মামলা নং-১৫) হারানো কম্পিউটারটি উদ্ধার করে পুলিশ।
গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া রাহুলের বিরুদ্ধে এর আগেও চুরি ও চোরাই মালামাল কেনাবেচা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে, যার কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সৈয়দ নুর আহসান,বরিশাল প্রতিনিধি: 






















