
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।
ঢাকায় সবচেয়ে বেশি রোগী ভর্তি
গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে খুলনা বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে মৃত্যু ১৪১
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৭২ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে রাজশাহী বিভাগে ছয়জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।
অধিকার ডেস্কঃ 























