
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সহযোগিতায় চক্ষু শিবির আয়োজনের অভিযোগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবর্তে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
পদ স্থগিত হওয়া নেতা হলেন মো. ফিরোজ মাহমুদ। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পরিবর্তে একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন কাদেরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
তিনি জানান, সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মামুনের সহযোগিতায় রোববার এলাকায় একটি চক্ষু শিবিরের আয়োজন করেন ফিরোজ মাহমুদ। ওই অনুষ্ঠানে তাঁকে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
দলীয় সূত্রে জানা যায়, বিষয়টি সংগঠনের নজরে আসার পর তা নিয়ে যাচাই-বাছাই করা হয়। অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিরোজ মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে তাঁর পরিবর্তে মো. সালাহ উদ্দিন কাদেরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অধিকার ডেস্কঃ 
























