
নাটোরের লালপুর-বাগাতিপাড়া নির্বাচনী এলাকায় দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এরপর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংস্কৃতিকর্মীদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
এ সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, এখন থেকে কোনো মা-বাবাকেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হবে না।
দিনের কর্মসূচির পরের অংশে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভায় যোগ দেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাসসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সাজেদুর রহমান,নাটোর 






















