
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন চিকিৎসাধীন ছিলেন আইসিইউতে, অন্যজন ছিলেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এই দুজনকে নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮-তে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। এই সময়ের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৫৮ জন রোগী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল সূত্র বলছে, এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন আছেন মোট ১৩১ জন রোগী, যাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৬ জন শিশু।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা মোট ২ হাজার ১৭৮ জন, যাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।
নিহত দুজনের পরিচয়
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুতে মৃত দুজন হলেন ভালুকা উপজেলার রাশিদা খাতুন (৪২) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার জাফর আলী (৭০)।
রাশিদা খাতুন ভালুকা উপজেলার নূর হোসেনের স্ত্রী। গত ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোমকে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে জাফর আলী গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১টায় হাসপাতালে ভর্তি হন এবং পরদিন ১৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, তীব্র শ্বাসকষ্ট, সেপসিস ও সেপটিক শককে উল্লেখ করেছে।
প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান জানান, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, পাশাপাশি সুস্থ হয়ে ফিরছেনও অনেকে।
তিনি সতর্ক করে বলেন, ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা অনেক সময় দ্রুত অবনতির দিকে যেতে পারে, বিশেষত জটিলতা তৈরি হলে পরিস্থিতি গুরুতর হয়ে দাঁড়ায়। এ কারণে জ্বর দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হচ্ছে।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধিঃ 























