
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, সংগ্রাম ও কালাইরাগ বিওপির আওতাধীন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় জিরা, গরু, কম্বল, কসমেটিকস, চকলেট, গাড়ির যন্ত্রাংশ ও মদসহ বিভিন্ন ধরনের চোরাইপণ্য জব্দ করা হয়। একই সময়ে বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা করা রসুন, শিং মাছ ও একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা সব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৭২ হাজার টাকা।
মঙ্গলবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অধিকার ডেস্কঃ 




















