
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশেষায়িত চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়াতে সরকারি উদ্যোগে নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকাস্থ শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
ঢাকায় বসবাসরত শাহজাদপুরবাসীর সংগঠন শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আন্তর্জাতিকভাবে পরিচিত চক্ষু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে এ সংবর্ধনা দেয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে তার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই এবং আজীবন রাজনীতিতে থাকারও ইচ্ছা নেই। তিনি জানান, মারামারি, মাদক কারবার বা চাঁদাবাজির রাজনীতি তিনি করেননি; বরং পেশাগত জীবনে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন।
শাহজাদপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, উপজেলার যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নত করার পাশাপাশি পূর্বাঞ্চলের মানুষের জন্য একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপনের পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শাহজাদপুরের ঐতিহ্যবাহী তাঁত ও দুগ্ধশিল্পের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ঢাকায় কর্মরত শাহজাদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
অধিকার ডেস্কঃ 
























