
অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদসহ পণ্য মজুদের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। প্রতিষ্ঠানটির মালিক শেখ নুর ইসলাম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টস বন্ড প্রাইভেট লিমিটেডে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে গুরুতর কিছু অসঙ্গতি পাওয়া গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দুটি। তবে সরেজমিনে অভিযানে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অনুমোদিত দুটি ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত গুদামেও পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
এনবিআর জানায়, অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত যৌথ অভিযানটি পরিচালনা করা হয়।
অধিকার ডেস্কঃ 























