
গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে রাজশাহীর বাঘায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারসংলগ্ন পদ্মা নদীতে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে শনিবার পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখ টাকার প্রাইজমানি রাখা হয়েছে। আয়োজনকে ঘিরে বাঘা, চারঘাট, লালপুরসহ আশপাশের এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
নৌকাবাইচের দিনগুলোতে পদ্মার তীরজুড়ে লোকজ গানের সুর, ঢোল-করতাল ও বাঁশির শব্দে মুখর পরিবেশ সৃষ্টি হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন নৌকার মাঝি-মাল্লারা দাঁড় টানার দক্ষতা ও নৌকা চালানোর কৌশল প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেবেন।
নৌকাবাইচের পাশাপাশি নদীর পাড়ে বসছে বড় পরিসরের গ্রামীণ মেলা। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় প্রায় ৫০০টি ছোট-বড় দোকান থাকবে। এসব দোকানে মৃৎশিল্প, খেলনা, মিষ্টি, প্লাস্টিক পণ্যসহ গ্রামীণ জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে।
আয়োজক কমিটি জানিয়েছে, সর্বশেষ ২০২৩ সালে এখানে নৌকাবাইচ ও মেলার আয়োজন করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এমন আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
নৌকাবাইচ মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার বলেন, হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা এমরান আলী সরকার বলেন, নৌকাবাইচ দেখতে তিনি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে বাড়িতে নিয়ে এসেছেন। এ ধরনের আয়োজন গ্রামবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি পারস্পরিক মিলনমেলার পরিবেশ তৈরি করে বলেও জানান তিনি।
মেলায় অংশ নেওয়া মৃৎশিল্পের দোকানি নরধম পাল, রেজাউল ও আনসারসহ কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতিবছর এই সময়ে তারা মেলায় এসে পণ্য বিক্রি করেন। এতে তাদের বাড়তি আয় হয়। বিশেষ করে শিশুদের খেলনা ও মিষ্টির দোকানে তুলনামূলক বেশি বেচাকেনা হয় বলে জানান তারা।
মেলা কমিটির সভাপতি তোজাম্মেল হক বলেন, লোকসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে এবারের আয়োজন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নৌকাবাইচ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের। উদ্বোধক হিসেবে থাকবেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, নৌকাবাইচ ও মেলা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
অধিকার ডেস্কঃ 





















