
গাজীপুরের জয়দেবপুরের মাঝিখোলায় একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মুদি দোকান ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তাঁর স্ত্রী সাদিয়া বেগম (২৬) এবং তাঁদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাহেন প্রধান (৬)।
দগ্ধ মহসিন প্রধানের ভাগ্নি সুমাইরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বসতঘরের জানালা দিয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে তাঁদের সন্দেহ। তাঁর ভাষ্য অনুযায়ী, বাড়ির গেটসংলগ্ন ডাইনিং রুমের সোফায় আগুন জ্বলতে দেখে মহসিন পানি ঢেলে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে, এতে একই পরিবারের চারজন দগ্ধ হন।
সুমাইরার দাবি, পানি দেওয়ার পরও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তাই তাঁদের ধারণা, আগুন লাগানোর ক্ষেত্রে গানপাউডারজাতীয় কোনো পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ কী এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর দগ্ধ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদারও বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিকার ডেস্কঃ 
























