
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের আয়োজনে ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে শাহ আজিজুর রহমান হল কর্তৃপক্ষের নামে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিটি প্রকাশের অনুমতি দেননি বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ। তাঁর দাবি, বিজ্ঞপ্তিতে তাঁর কোনো স্বাক্ষরও নেই।
গত সোমবার (২৬ অক্টোবর) হলটির ফটকে বিজ্ঞপ্তিটি টাঙানো হয়। এর এক দিন পর মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শাখা ছাত্রদল।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নয়টি আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নয়টি ডিপ ফ্রিজ বিতরণের উদ্যোগ নেয় সংগঠনটি।
শাহ আজিজুর রহমান হল কর্তৃপক্ষের নামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সৌজন্যে আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হলের সব শিক্ষার্থীকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী উপস্থিত থাকবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন ফ্রিজগুলো গ্রহণ করেন এবং যথাযথভাবে বুঝে নিতে পারেন, সে জন্য হলের প্রভোস্টকে অনুরোধ করা হয়েছিল। সম্ভবত এ কারণেই তিনি শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে তাঁর ধারণা।
তবে শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তাঁকে অনুরোধ করা হয়েছিল। বিষয়টি তিনি হলের কর্মকর্তাদের জানিয়েছিলেন। তবে তাঁর বক্তব্য ছিল, এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো শিক্ষার্থী স্বেচ্ছায় অংশ নিতে চাইলে যেতে পারেন।
প্রভোস্ট আরও বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করে তিনি কোনো নির্দেশনা দেননি। তাঁর অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এতে তাঁর কোনো স্বাক্ষরও নেই।
বিজ্ঞপ্তিটি কে বা কারা প্রকাশ করেছেন, সে বিষয়ে প্রতিবেদনে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অধিকার ডেস্কঃ 























