
রাজধানীর রামপুরা ব্রিজে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ শহীদুল্লাহ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার বাসিন্দা হারুন অর-রশিদের ছেলে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ জুয়েল রানা জানান, রামপুরা ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি শহীদুল্লাহকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকের বরাত দিয়ে প্রথমে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখার কথা জানানো হয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকেও অবহিত করা হয়।
তবে পরে তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অধিকার ডেস্কঃ 























