
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের দল থেকে একমাত্র পরিবর্তন হিসেবে দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। মাথায় আঘাত পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি। প্রথম টেস্টে মাথায় আঘাত পাওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কনকাশনবিষয়ক নিয়ম অনুযায়ী অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হবে মমিনুলকে। তাঁর অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন অমিত হাসান।
ঢাকা টেস্টের দলে থাকা বাকি ক্রিকেটাররা সিলেট টেস্টের জন্যও নিজেদের জায়গা ধরে রেখেছেন। আগামী মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।
অধিকার ডেস্কঃ 


















