
বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে ইংরেজি ভাষার গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের সক্ষম করে তুলতে চাঁপাইনবাবগঞ্জে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ‘এনআর’স ওয়ার্ল্ড (NR’s World) ইংলিশ এডুকেশন সেন্টার’। এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস (IELTS) ও অ্যাসেট (ASSET) প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসরপাড়ায় এনআর’স ওয়ার্ল্ড (NR’s World) ইংলিশ এডুকেশন সেন্টার’ উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্টঅন হয়। অনুষ্ঠানে একদিকে যেমন বিদায় জানানো হয় ‘ইংলিশ ফর ওয়ার্ক-২’ ও ‘ট্যুর গাইডিং-৩’ ব্যাচের শিক্ষার্থীদের, অন্যদিকে নতুন প্রজন্মের জন্য আধুনিক ইংরেজি শিক্ষার নতুন অধ্যায়ের সূচনাও হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন। তিনি বলেন,
“বর্তমান যুগে শুধু একাডেমিক শিক্ষা নয়, আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে উপস্থাপন করতে ইংরেজি দক্ষতা অপরিহার্য। শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধিতে এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআর’স ওয়ার্ল্ডের উপদেষ্টা এনামুল হক তুফান। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“শুধু সনদনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা গড়ে তোলাই এখন সময়ের দাবি। এনআর’স ওয়ার্ল্ড সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ এবং শাহ নেয়ামতুল্লাহ কলেজের ইংরেজি প্রভাষক নওসাবাহ নওরীন ।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী যোগাযোগ, উচ্চশিক্ষা ও চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ইংরেজি ভাষায় দক্ষতার বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর ও আধুনিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে পারলে দেশের মানবসম্পদ আরও শক্তিশালী হবে। তারা নতুন এই উদ্যোগকে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা খাতে ইতিবাচক সংযোজন হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন তাসনিয়া অলিভ ইউসা ও ইসরাত জাহান। শুরুতে স্বাগত বক্তব্য দেন এনআর’স ওয়ার্ল্ডের পরিচালক ইব্রাহিম খলীল (নয়ন)। তিনি বলেন,
“আমাদের লক্ষ্য শুধু ইংরেজি শেখানো নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তোলা। আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ট্রেইনার রিফা তামান্না, শিক্ষক, কর্মকর্তা, বিদায়ী ব্যাচের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এনআর’স ওয়ার্ল্ডে ইতোমধ্যে স্পোকেন ইংলিশ, কিডস স্পোকেন ইংলিশ, একাডেমিক ইংলিশ এবং আইইএলটিএস প্রস্তুতি কোর্স চালু রয়েছে। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বয়স ও প্রয়োজনভিত্তিক পৃথক ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে ব্যবহারিক ইংরেজি শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা নতুন এই প্রতিষ্ঠানের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, রাজধানীমুখী না হয়ে এখন জেলার মধ্যেই মানসম্মত ইংরেজি শিক্ষা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক ভাষা শিক্ষার ওপর জোর বাড়ানোর এ ধরনের উদ্যোগ শুধু ব্যক্তিগত দক্ষতা উন্নয়নেই নয়, বরং জেলার সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জে ইংরেজি শিক্ষার নতুন সম্ভাবনা হিসেবে ‘এনআর’স ওয়ার্ল্ড’ ইতোমধ্যে আলোচনায় এসেছে।
নিজস্ব প্রতিবেদকঃ 






















