
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলিয়াখালী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে জোয়ারের পানিতে ভেসে গিয়ে মো. রিফাত শেখ (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রিফাত কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে। তিনি গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন বন্ধুকে নিয়ে রিফাত গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। একপর্যায়ে তারা সৈকতসংলগ্ন খালের শেষপ্রান্তে সাঁতার কাটতে নামে। এ সময় হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে তারা বিপদে পড়ে এবং ডুবে যেতে থাকে।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নৌকা নিয়ে উদ্ধার অভিযানে নামেন। পরে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও রিফাতকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সন্ধ্যার পর সাগর উত্তাল হয়ে পড়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রোববার (২৪ মে) ভোর থেকে ডুবুরি দল আবারও উদ্ধার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় সাঁতার না কাটতে আগে থেকেই পর্যটকদের সতর্ক করা হয়েছিল। কারণ সেখানে জোয়ারের সময় পানির স্রোত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করেই কয়েকজন তরুণ পানিতে নামেন।
স্থানীয়দের ভাষ্য, এর আগেও একই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকজন পর্যটকের প্রাণহানির ঘটনাও রয়েছে। তাই সৈকতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, উদ্ধার হওয়া চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে আবারও অভিযান চালানো হবে।
দৈনিক অধিকার ডেস্ক 


















