
দেশজুড়ে তীব্র গরমের মধ্যেই নতুন আবহাওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের অন্তত ১৯ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালীসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা। আগামী ২৪ ঘণ্টায় এই তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদদের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২৪ মে) সকাল পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ থেকে ২৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৭ মে) থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ওইদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে)ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ১১০ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজারহাট, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহ ও বজ্রবৃষ্টির এই মিশ্র পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 
























