
দেশে সদ্য কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর আওতায় সারাদেশের মধ্যে প্রথম মামলাটি দায়ের হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর থানায়। শনিবার (৪ জুলাই) দায়েরকৃত এই মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে জীবননগর-দর্শনা মহাসড়কের আধুনিক সিনেমা হলের সামনে একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ডে বাজি ধরে জুয়া খেলার সংবাদ পায় পুলিশের একটি টহলদল। এই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি ক্যারাম বোর্ড ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করে পুলিশ। এই ঘটনায় নতুন আইনের ১৫, ১৮, ১৯ ও ২০ ধারায় মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, গত ১ জুলাই থেকে সারাদেশে নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর রয়েছে। ডিজিটাল ও আধুনিক অপরাধ দমনের লক্ষ্যে প্রণীত এই আইনে অনলাইন বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ম্যাচ-ফিক্সিং এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া পরিচালনার বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের কঠোর বিধান রাখা হয়েছে।
তিনি আরও জানান, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 























