
বিশ্বকাপ ফুটবলের খেলা বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সাময়িকভাবে সব ধরনের যানবাহন চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা কিংবা প্রাইভেট কারসহ কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক মাঠে এলইডি স্ক্রিনে বিশ্বকাপের খেলা উপভোগ করতে প্রচুর সংখ্যক দর্শক সমবেত হওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে আয়োজনটি নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে প্রশাসনের এই নির্দেশনা মেনে চলার পাশাপাশি সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
জুবায়ের আল হাসান ,বেরোবি প্রতিনিধিঃ 























