
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী হড়মা উচ্চ বিদ্যালয়ে নির্মিত নতুন ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন ভবন চালুর মধ্য দিয়ে বিদ্যালয়ে আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হলো বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
রোববার (৫ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মো. আলীম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের সফল ব্যবহার এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে আধুনিক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন একাডেমিক ভবনটি চালু হওয়ায় শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর, নিরাপদ ও প্রযুক্তিবান্ধব পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে।
তারা বলেন, বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থায় অবকাঠামোগত উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।
উদ্বোধন শেষে অতিথিরা নতুন একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং নির্মাণকাজের প্রশংসা করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
স্থানীয় অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে এলাকার শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে লেখাপড়া করার সুযোগ পাবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন এই একাডেমিক ভবন শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন ভবনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নিজস্ব প্রতিবেদকঃ 






















