
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা-বগুড়া-রংপুরমুখী ফ্লাইওভার লেন। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই লেন চালুর ফলে মহাসড়কে যানজট কমবে এবং ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত ২২ জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন চললেও ঈদকে কেন্দ্র করে সেই সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজারে পৌঁছে যায়। ফলে প্রতিবছরই এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিশেষ করে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়ক অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই ঢাকা-পাবনা, রাজশাহী, বগুড়া ও রংপুরমুখী যানবাহন আলাদা পথে চলাচল করে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে গত ২১ মে পরীক্ষামূলকভাবে নতুন ফ্লাইওভার লেনটি চালু করা হয়। এতে উত্তরাঞ্চলের যানবাহন দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা থেকে রংপুরগামী বাসচালক শফিকুল ইসলাম বলেন, আগের তুলনায় মহাসড়কের পরিস্থিতি এখন অনেক ভালো। নতুন লেন চালু হওয়ায় এবার ঈদে যাত্রীদের দুর্ভোগ কম হবে বলে তিনি মনে করছেন।
মালবাহী ট্রাকচালক হামিদুল ইসলাম বলেন, নতুন লেন ব্যবহারের ফলে ভারী যানবাহনের চলাচল সহজ হবে এবং সময়ও বাঁচবে।
সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন জানান, হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ এখনও চলমান থাকলেও ঈদ উপলক্ষে ঢাকা থেকে রংপুরমুখী লেনটি সাময়িকভাবে চালু করা হয়েছে। তার ভাষ্য, উত্তরবঙ্গমুখী প্রায় ৬০ শতাংশ যানবাহন এই লেন ব্যবহার করবে, যা যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য রয়েছে।
এদিকে ঈদযাত্রা নিরাপদ রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশও বিশেষ প্রস্তুতি নিয়েছে। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও গবাদিপশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে জেলার ৬ শতাধিক পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টদের আশা, নতুন ফ্লাইওভার লেন চালুর ফলে এবারের ঈদযাত্রায় উত্তরবঙ্গমুখী যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে এবং মহাসড়কে যান চলাচল হবে আরও স্বাভাবিক ও নিরাপদ।
দৈনিক অধিকার ডেস্ক 


















