
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সংগঠন অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস (এডামস)-এর বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিভাগের আয়োজনে এই নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে লড়াই হয় মো. তৌহিদ আহমেদ (তুহিন), সৌখিন সরকার ও ফাইরুজ তাজনিমের মধ্যে। এতে ৯১ ভোট পেয়ে জয়লাভ করেন তৌহিদ আহমেদ তুহিন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী) ও মো. মোরশেদুল ইসলাম (মৃদুল)। ১০৭ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হন তাসফিয়া আহম্মেদ শ্রেয়সী, আর মোরশেদুল ইসলাম পান ৯৩ ভোট।
কার্যকরী সদস্য পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্য থেকে নির্বাচিত পাঁচজন হলেন— মো. খায়রুল ইসলাম, আবু তালহা, আবু বক্কর সিদ্দিক, সানজিদ ইসলাম এবং অনিক রায় অর্ণব। এই পদে মো. আনাস মাহমুদ ১০৯ ভোট ও ইনজামাম আরাফিন ৯৩ ভোট পেয়েও নির্বাচিত হতে পারেননি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পদের মধ্যে রয়েছেন— যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ জিহাদ ও শুভ বৈরাগী, সাংগঠনিক সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে মারজান মাসুক, ক্রীড়া সম্পাদক পদে মো. রাজিব মাহমুদ, সাহিত্য-গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মো. আবু নোমান ইবনে কবির এবং কর্মব্যবস্থাপনা সম্পাদক পদে প্রতীক গোলদার।
এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, মো. সানজিদ ইসলাম খান ও মো. আশিফ করিম।
নির্বাচন কমিশনাররা জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তারা প্রত্যাশা করেন নতুন নেতৃত্ব বিভাগের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
বিভাগের শিক্ষার্থী আজফার উল হক অনুভব বলেন, প্রথমবার ভোট দিতে পেরে তিনি আনন্দিত এবং এটিকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি এমন প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানান, যিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবেন বলে তার বিশ্বাস।
আরেক শিক্ষার্থী হুমায়রা আনিসা বলেন, গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট এবং নতুন কমিটি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদী।
নবনির্বাচিত সহ-সভাপতি তৌহিদ আহমেদ তুহিন শিক্ষার্থীদের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে নিয়ে বিভাগের উন্নয়ন ও একটি কার্যকর সংগঠন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন তিনি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আহম্মেদ শ্রেয়সী বলেন, এই বিজয় পুরো বিভাগের শিক্ষার্থীদের এবং প্রতিটি শিক্ষার্থীর মতামতকে গুরুত্ব দিয়ে সংগঠন পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
নবনির্বাচিত কার্যকরী সদস্য অনিক রায় বলেন, সবাই একসঙ্গে কাজ করলে এবং সবার পরামর্শ ও সহযোগিতা পেলে সংগঠন আরও ভালো কাজ করতে পারবে।
জুবায়ের আল হাসান ,বেরোবি প্রতিনিধিঃ 


















