
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য দেশব্যাপী আয়োজিত ‘পলিসি ক্যাম্প’-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। সারা দেশ থেকে বাছাইকৃত ৩০ জন তরুণের মধ্যে তিনি একজন।
ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) এবং ইয়ুথ ফর পলিসি (YfP)-এর যৌথ উদ্যোগে এই পলিসি ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যা আগামী ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী তরুণদের আবেদনের ভিত্তিতে কঠোর বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ৩০ জনকে নির্বাচন করা হয়। এই তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন আইরিন আক্তার লাবন্য।
আয়োজকদের ভাষ্যমতে, এই ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণদের নীতি প্রণয়ন প্রক্রিয়া, নেতৃত্বগুণ, নাগরিক অংশগ্রহণ এবং সমসাময়িক নানা নীতিগত বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সেশন, কর্মশালা ও আলোচনার আয়োজন করা হবে। পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ত করার একটি সুযোগও তৈরি হবে এই আয়োজনের মধ্য দিয়ে।
নিজের অনুভূতি প্রকাশ করে আইরিন আক্তার লাবন্য বলেন, “সারা দেশের ৩০ জন তরুণের তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই আয়োজনের মাধ্যমে নীতি প্রণয়ন ও নেতৃত্ব বিষয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের সঙ্গে একত্রে কাজ করার সুযোগ পাব বলে আশা করছি। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে চাই।”
লাবন্যের এই সাফল্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। জাতীয় পর্যায়ের এমন গুরুত্বপূর্ণ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অংশগ্রহণকে ইতিবাচক অর্জন হিসেবে মূল্যায়ন করছেন সংশ্লিষ্টরা।
জুবায়ের আল হাসান, বেরোবি প্রতিনিধিঃ 



















