
লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর সামনে এসেছে নতুন এক প্রশ্ন—বিশ্ব ফুটবলের অন্যতম বিখ্যাত ১০ নম্বর জার্সিটি এবার কার গায়ে উঠবে?
হাতে লেখা আবেগঘন বার্তা ও ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের সমাপ্তি টেনেছেন রোজারিওর এই মহাতারকা। দীর্ঘ প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যেন মেসির পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।
২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। সেই ম্যাচে ৪-০ গোলের জয়ের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে নতুন এক অধ্যায়ের শুরু হয় তাঁর। এরপর থেকে প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি মানেই ছিল মেসির নাম।
মেসির বিদায়ের পর স্বাভাবিকভাবেই তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অবশ্য তাঁর অনুপস্থিতিতে সাম্প্রতিক সময়ে কয়েকজন ফুটবলারকে এই বিখ্যাত জার্সি পরে মাঠে নামতে দেখা গেছে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
এর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে খেলেছেন আনহেল কোরেয়া। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৪-১ গোলের বড় জয়ের ম্যাচেও তাঁর গায়ে ছিল এই জার্সি।
চিলির বিপক্ষে ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন পাওলো দিবালা। তবে সাম্প্রতিক সময়ে এই জার্সি পরা খেলোয়াড়দের কেউই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দলে ছিলেন না। ফলে মেসির স্থায়ী উত্তরসূরি হিসেবে এখনই কারও নাম নিশ্চিতভাবে বলা কঠিন।
আর্জেন্টিনা জাতীয় দলে নিয়মিত থাকা কয়েকজন ফুটবলার অবশ্য ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সির সঙ্গে পরিচিত।
ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকআলিস্টার এবং কোমোর নিকোলাস পাজ—তিনজনই ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন।
এ ছাড়া রদ্রিগো ডি পল রেসিং ও উদিনেজেতে ১০ নম্বর জার্সি পরেছেন। বোকা জুনিয়র্সে এই নম্বরে খেলেছেন লিয়ান্দ্রো পারেদেস।
থিয়াগো আলমাদা ভেলেস সার্সফিল্ড ও আটলান্টা ইউনাইটেডে ১০ নম্বর জার্সি পরেছেন। রোসারিও সেন্ট্রালে এই নম্বরে খেলেছেন জিওভানি লো সেলসো। অন্যদিকে, আর্জেন্টিনোস জুনিয়র্স ও ফিওরেন্তিনায় নিকোলাস গঞ্জালেসের গায়েও দেখা গেছে ১০ নম্বর জার্সি।
তবে ক্লাবের ১০ নম্বর জার্সি আর আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সির গুরুত্ব এক নয়। মেসির দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের পর এই জার্সি গ্রহণের সঙ্গে থাকবে বাড়তি চাপ ও প্রত্যাশা।
তাই নতুন কাউকে এই দায়িত্ব দেওয়ার আগে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিকে ভাবতে হবে বেশ কয়েকটি বিষয় নিয়ে।
সেপ্টেম্বর-অক্টোবরে পরবর্তী ফিফা উইন্ডোতেই মিলতে পারে প্রথম ইঙ্গিত। শেষ পর্যন্ত মেসির পর আর্জেন্টিনার কিংবদন্তি ১০ নম্বর জার্সি কার গায়ে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষা।
অধিকার ডেস্কঃ 























