
আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম স্থিতিশীল থাকলে এর ইতিবাচক প্রভাব দেশের বাজারেও পড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব হয়েছে। এ কারণে কিছু সময়ের জন্য গ্যাসের চাপ কমে যায়। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে এলএনজি খালাসের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যশোরে সিসিইউ সেবা নিশ্চিতের উদ্যোগ
যশোরের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
তিনি বলেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। যেসব কাজ এখনো বাকি রয়েছে, সেগুলো শেষ করতে নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে যশোরের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 





















