
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।
ওসি জাহাঙ্গীর আলম জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলার অভিযোগ
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, রাত ১২টার দিকে মুখোশ পরা ২৫০ জনের বেশি ব্যক্তি ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর ব্যানারে সেখানে প্রবেশ করেন।
তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। হামলাকারীরা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের পর বিভিন্ন সামগ্রী নিয়ে যান। পরে কেন্দ্রটির নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের প্রবেশেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
যেসব সামগ্রী নেওয়ার অভিযোগ
রাড্ডা কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ ও ভ্যাকসিনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে।
এ ছাড়া প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা নগদ, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, সরকারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রায় পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।
হামলার পর হাম-রুবেলা টিকাদান কর্মসূচিসহ কেন্দ্রটির নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রমও ব্যাহত হয়েছে বলে জানান তিনি।
‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাড্ডা কর্তৃপক্ষ। ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।
অধিকার ডেস্কঃ 






















