
মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে বিদেশে চিকিৎসার ব্যবস্থা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী।
বৈঠকে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি গত ছয় মাসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে একটি প্রতিবেদন তৈরির কথাও বলা হয়েছে।
আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসার বিষয়েও গুরুত্বারোপ করেছে কমিটি। তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি সুপারিশ করা হয়।
এ ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম সচল রাখার বিষয়েও আলোচনা হয়। সংগঠনটি যাতে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন কমিটির সদস্যরা।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে তাঁদের প্রাপ্য সম্মান পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আব্দুল হান্নান ও রোকেয়া বেগম অংশ নেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 






















