
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হতে পারে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২২ অক্টোবরের ছুটির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আসন্ন মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। বৈঠকে অনুমোদন পেলে একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
২২ অক্টোবরের ছুটির প্রজ্ঞাপন জারি হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবরও ছুটি যুক্ত হচ্ছে। তার পরের দুই দিন, অর্থাৎ ২৩ (শুক্রবার) ও ২৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটি।
সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন ছুটি পাবেন। এছাড়া মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে।
অধিকার ডেস্কঃ 























