
রাজধানীর মিরপুরের শাহ আলীতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সমালোচনার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্তের কথা জানায়। এসব সিদ্ধান্তের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত এবং নতুন কমিটি শিগগির ঘোষণা করার কথা জানানো হয়েছে।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।
২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হকের নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বহিষ্কার ৩ বিএনপি নেতা
গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
দলের বিজ্ঞপ্তিতে অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্রকে প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
ঘটনার পর বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভিডিও ফুটেজ নিয়ে আলোচনা তৈরি হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।
বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর যুবদল
এদিকে মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সংগঠনটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই কমিটির আহ্বায়ক ছিলেন শরিফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় সাজ্জাদুল মিরাজ ঘটনাটি ঠেকাতে উদ্যোগ নিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি ওই সময়কার শাহ আলী থানার ওসি ও মিরপুর জোনের উপকমিশনারকে ঘটনাটি অবহিত করেছিলেন বলেও জানা যায়। পাশাপাশি ভাঙচুরের সময় পুলিশের ভূমিকা নিয়েও তিনি গণমাধ্যমে কথা বলেন।
অন্যদিকে শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, থানা যুবদল নেতা সাজ্জাদুর রহমান মিশু, মো. সোহল, কবির হোসেন ও আকবর হোসেনকে বহিষ্কারের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছাত্রদলের মহানগর পশ্চিম কমিটিও বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. রবিন খানকে সভাপতি এবং আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নয় সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুরের ১১টি থানা এ কমিটির আওতাধীন ছিল।
মিরপুর এলাকায় চাঁদাবাজি এবং রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সঙ্গে ছাত্রদলের কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার
বৃহত্তর মিরপুরের দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার ও সদস্য সচিব হাফিজুর রহমানকেও বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক ওসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর একাধিক স্থানীয় কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এলো।
অধিকার ডেস্কঃ 























