
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় হুক ছিঁড়ে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ট্রেনটির পেছনের ছয়টি বগি রেললাইনের বাইরে পড়ে থাকায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে। পরে ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি নিয়ে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।
বিকেল ৫টা পর্যন্ত লাউয়াছড়া বনের ভেতরে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, হুক ছিঁড়ে বনের ভেতরে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধারের জন্য বিকল্প একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
অধিকার ডেস্কঃ 
























