
বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর মতে, বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পেতে পারে।
শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ নির্যাতন, হামলা-মামলা ও গুমের মতো ঘটনার অভিজ্ঞতা অর্জন করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে এ পরিস্থিতিতে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থানের চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময়েও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে জানিয়ে শামা ওবায়েদ দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের ভেতরে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের আড়াল করা বা তাঁদের অসম্মান করার চেষ্টাকারীদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সমাবেশের আগে নগরকান্দা সদর পেট্রোল পাম্প এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়বসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 






















