
শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, সরকার এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এখন বা ডিসেম্বর পর্যন্তই সীমাবদ্ধ নয়। ডিসেম্বরের পরও কোনো না কোনো সময় অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে।”
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে এসব অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তাঁকে (শেখ হাসিনা) লাখ লাখ মানুষের ক্ষোভের মুখে পালিয়ে যেতে হয়েছে। তিনি যত দিন বেঁচে আছেন, এই চেষ্টা চলবে বলেই সরকার মনে করে। সরকার এসব অপচেষ্টা প্রতিহত করবে।
শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানান জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
তিনি বলেন, পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। এর আগে ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।
তথ্য উপদেষ্টা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও তাদের কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে।
অধিকার ডেস্কঃ 





















