
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবারও সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন তাহসিফ সাউরিকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানা এলাকার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, সাউরি তাঁর সিনিয়র বড় ভাই ছিলেন।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে দীপের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে এবং জামিনে বের হয়ে তিনি যাতে তদন্তে বিঘ্ন ঘটাতে না পারেন, সে জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।
মামলার এজাহারে বাবা উল্লেখ করেন, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপ নামে এক জুনিয়রের ডাকে তাহসিফ বাসা থেকে বের হন। রাত বাড়লেও ছেলে ফিরে না আসায় মা বারবার ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে মায়ের ফোনে ‘রওনা দিয়েছি, আসছি’ বার্তায় একটি ভয়েস মেসেজ পাঠান তাহসিফ। কিন্তু পরদিন বিকেল পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি।
২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নৌ পুলিশ ফোনে জানায়, উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। ধর্মীয় রীতি অনুযায়ী ওই দিন বিকেলে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অধিকার ডেস্কঃ 






















