২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ পেয়েছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে তিনি জাতীয় সংসদ ভবন থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করেছেন।
নূর মোহাম্মদ বলেন, সংসদে উপস্থিত থাকার আমন্ত্রণ পাওয়া তার জীবনের একটি বড় প্রাপ্তি। তিনি সংসদ ভবন থেকে আমন্ত্রণ কার্ড নিয়ে এসেছেন। তবে তিনি পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে তা নিজে বুঝতে পারেননি। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী কিশোর গোলাম নাফিজ। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করার পর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল সে। পরিবারসহ রাজধানীর মহাখালী এলাকায় বসবাস করত নাফিজ। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ফার্মগেটের পথচারী সেতুর নিচে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয় নাফিজ। ওই সময় আহত অবস্থায় তাকে রিকশায় তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন রিকশাচালক নূর মোহাম্মদ।
নূর মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, তখন পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। এক পুলিশ সদস্যের ডাকে তিনি এগিয়ে গেলে কয়েকজন আহত নাফিজকে তার রিকশার পাদানিতে তুলে দেন। প্রথমে তিনি ফার্মগেটের একটি হাসপাতালে নিতে চাইলে সেখানে প্রবেশে বাধার মুখে পড়েন। পরে তাকে নিয়ে খামারবাড়ির দিকে যান। সেখানে কয়েকজন লোক দ্রুত হাসপাতালে নেওয়ার কথা বলে নাফিজকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাটি দেশজুড়ে আলোচনায় আসে। গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের ব্যবহৃত সেই রিকশাটি হস্তান্তর করা হয়। পরে এক ব্যবসায়ী তার কাছ থেকে রিকশাটি ৩৫ হাজার টাকায় কিনে নেন।
মানবিক সাহসিকতার জন্য আলোচনায় আসা এই রিকশাচালকের সংসদ অধিবেশনে আমন্ত্রণ পাওয়া ঘটনাটিকে অনেকেই প্রতীকী সম্মান হিসেবেই দেখছেন।
দৈনিক অধিকার ডেস্ক 























