
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও কুরআনখানি করা হয়।

এদিন বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। একই সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল এবং শহীদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। পরে একই স্থান থেকে শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। শোভাযাত্রা শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এরপর মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের সড়কসমূহ রঙিন পতাকায় সজ্জিত করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হয়।
ইবি প্রতিনিধিঃ 























