
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৩টার পরে উপজেলার ইল্যা সাকিনস্থ গাইনের পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-২৩৮৭) মহাসড়ক দিয়ে চলার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫২-৮২০২) দ্রুতগতিতে একটি অজ্ঞাতনামা যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পিকআপের সামনে ও পিছনের চাকার মাঝখানে ঢুকে পড়ে।
সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সৈয়দ নুর আহছান, বরিশাল 



















