
ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মালগুদাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোছা. মিতু আক্তার (২৭) ও ললিতা বেগমকে (৩৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনেরই বাড়ি ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকায়।
পুলিশ জানায়, প্রতি কেজি গাঁজার আনুমানিক দাম ২০ হাজার টাকা ধরে উদ্ধার করা ১৬ কেজি গাঁজার মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার করা গাঁজা যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 
























