
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তাদের হতাহতের তালিকায় নতুন করে আরও দুই সেনার নাম যুক্ত করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত দুই সেনার মধ্যে একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অপর সেনার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে নিহত ২৩ মার্কিন সেনার মধ্যে ১১ জন সরাসরি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। বাকি ১২ জনের মৃত্যু অ-যুদ্ধজনিত কারণে হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
পেন্টাগনের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আরও ৮৬৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
নতুন করে দুই সেনার মৃত্যুর তথ্য প্রকাশের মধ্য দিয়ে ইরান যুদ্ধ ঘিরে মার্কিন সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা আরও বাড়ল। তবে নিহত সেনাদের পরিচয় ও দ্বিতীয় সেনার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পেন্টাগন।
অধিকার ডেস্কঃ 
























