
২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বৃত্তি ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য দ্রুত এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সফটওয়্যারে এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি সংস্থাটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মেধা ও সাধারণ বৃত্তির পাশাপাশি সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক ও কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি এবং মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সঠিকভাবে এমআইএসে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেইসব ক্ষেত্রে, যেখানে পূর্বে ব্যাংক সংক্রান্ত ত্রুটির কারণে বৃত্তির অর্থ ফেরত গেছে। যেমন—ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর বা হিসাব নম্বরে ভুল কিংবা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। এসব সমস্যা দ্রুত সংশোধন করে অ্যাকাউন্ট সক্রিয় করার কথা বলা হয়েছে।
এছাড়া, যেসব বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আগে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদের তথ্যও এই সময়ের মধ্যে যুক্ত করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
মাউশি সতর্ক করেছে, প্রকাশিত গেজেটের সঙ্গে মিল রেখে সঠিক তথ্য এন্ট্রি না হলে বৃত্তির অর্থ বিতরণ সম্ভব হবে না। তথ্য প্রদানে কোনো ধরনের ভুল বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায় বহন করতে হবে বলেও জানানো হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 
























