
অভিনয় জগতে খায়রুল বাসার ও নাজনীন নীহার পথচলা কয়েক বছরের। এ সময়ে শতাধিক নাটকে নানা গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন তাঁরা। তবে এতদিন একসঙ্গে কাজ করা হয়নি এই দুই অভিনেতার। অবশেষে নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের হাত ধরে পর্দায় জুটি হয়ে আসছেন বাসার-নীহা।
আজ বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে তাঁদের প্রথম একক নাটক ‘ইনস্টাগ্রাম’। নাটকটিতে বাসার ও নীহার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ড. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, রাজুসহ আরও অনেকে।
‘ইনস্টাগ্রাম’ নাটকের কাহিনি লিখেছেন পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। একটি গ্রামকে রূপক অর্থে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং মানুষের সামাজিক অবক্ষয়ের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে সমসাময়িক বাস্তবতা নিয়ে দর্শককে ভাবানোর বার্তা রয়েছে নাটকটিতে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা।
গ্রামীণ জীবনের গল্পে বাসার-নীহা
অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘ইনস্টাগ্রাম’ একটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানা ঘটনা নিয়ে নির্মিত। মূলত এটি গ্রামীণ জীবনের হৃদ্যতার গল্প, যা বিনোদনের পাশাপাশি দর্শককে বর্তমান বাস্তবতা নিয়ে ভাবাবে।
নাজনীন নীহার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে বাসার বলেন, অনেক দিন ধরেই তাঁদের একসঙ্গে কাজের কথা হচ্ছিল। অবশেষে সিনেমাওয়ালার ‘ইনস্টাগ্রাম’ নাটকের মাধ্যমে পর্দায় একসঙ্গে আসা। প্রথমবার জুটি হলেও তাঁর কাছে মনে হয়নি, তাঁরা এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
বাসারের ভাষ্য, নাটকের গল্প উপস্থাপন ও চরিত্র রূপায়ণে নীহা যেমন মনোযোগী ছিলেন, তেমনি সহশিল্পীদেরও সহযোগিতা করেছেন। তাঁর এই মনোযোগ ও সহশিল্পীদের পাশে থাকার মানসিকতা থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলেও জানান অভিনেতা।
অন্যদিকে নাজনীন নীহা বলেন, খায়রুল বাসারের মতো আলোচিত অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ ছিল। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় কাজ করেও স্বস্তি পেয়েছেন তিনি। গল্প ও চরিত্র উপস্থাপন থেকে শুরু করে শুটিংয়ের প্রতিটি পর্যায়ে পরিচালকের সহযোগিতা কাজের প্রতি আরও আত্মবিশ্বাসী করেছে বলে জানান নীহা।
তাঁর মতে, গ্রামের মানুষদের নিয়ে নির্মিত গল্পটি পরিচালক যেভাবে পর্দায় তুলে ধরতে চেয়েছেন, তা পরিকল্পনা অনুযায়ী করতে পেরেছেন। এ কারণে ‘ইনস্টাগ্রাম’ নাটকটি দর্শকের মনে ছাপ ফেলবে বলে আশাবাদী তিনি।
বাসার-নীহা জুটির পাশাপাশি নাটকটির অন্যান্য শিল্পী ও কলাকুশলীরাও দর্শকের প্রত্যাশা পূরণের আশা করছেন।
এদিকে খায়রুল বাসার ও নাজনীন নীহা আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে একক এবং ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী কয়েক মাসে সেসব নাটক পর্যায়ক্রমে প্রচারিত হবে।
অধিকার ডেস্কঃ 























