
দেশের দুটি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে এ ধরনের ঘটনা সামনে আসার পর দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যেই সরকার ‘স্কুল ফিডিং প্রোগ্রাম’ চালু করেছে। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ ওঠে, নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার সরবরাহের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পরপরই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদে উল্লেখিত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল গ্রহণের পর একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মাদারীপুরে জেলা প্রশাসকের উদ্যোগে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি কেন বাতিল করা হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রেও দ্রুত তদন্ত জোরদার করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন, সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করতে। ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং সংশ্লিষ্ট সরবরাহকারীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, উভয় জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে নিরাপদ খাদ্য আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।
সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের জন্য চালু করা এই গুরুত্বপূর্ণ পুষ্টি কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। সরকার কঠোর নজরদারি জোরদার করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 
























