
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন একটি বাড়িতে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারদিলালপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী তাজকেরা বেগম (৬০) তার ভোগদখলীয় জমিতে একটি পাকা বাড়ি নির্মাণ করছিলেন। ওই জমির মালিকানা নিয়ে তার আত্মীয় মো. শামসুল (৬০) ও তার কয়েক ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার গভীর রাতে নির্মাণাধীন বাড়ির সামনে রাখা নির্মাণসামগ্রীর পাশে দুর্বৃত্তরা অন্তত দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ৮ থেকে ১০ জনের একটি দল বাড়ির ভেতরে ঢুকে শাটারিং ভাঙচুর করে এবং বিভিন্ন নির্মাণসামগ্রী ক্ষতিগ্রস্ত করে। এ সময় বাড়িতে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (৪ মার্চ) সকালে তাজকেরা বেগম শামসুলসহ কয়েকজনকে অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে শামসুলও একই ঘটনায় পাল্টা অভিযোগ জমা দিয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক 



















