
, ঢাকায় ৫০০ পরিবার পেল ইফতার সামগ্রী
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও বাহিনীটি নিয়মিতভাবে ভূমিকা রেখে আসছে। রমজান মাসে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। ঢাকা সেক্টরের পক্ষ থেকে ১৫০ প্যাকেট, বিজিবি ফোর্স সাপোর্ট উইংয়ের পক্ষ থেকে ১৫০ প্যাকেট এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর পক্ষ থেকে ২০০ প্যাকেট বিতরণ করা হয়। এতে মোট ৫০০টি পরিবার উপকৃত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, বিজিবি ফোর্স সাপোর্ট উইংয়ের উইং কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে বিজিবি সবসময় দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ—এমন প্রত্যয়ও ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
দৈনিক অধিকার ডেস্ক 




















