
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হচ্ছে। এই শর্ত যুক্ত করে আজই পরিপত্র জারি করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ার পরও তা বাস্তবায়নে বিলম্ব হওয়ায় এনটিআরসিএর ওপর অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। সোমবার এ বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে প্রশ্ন করেন, নির্দেশ দেওয়ার পরও কেন বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি।
এ সময় মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত সংক্রান্ত নথি কেন এখনো উত্তোলন করা হয়নি। প্রয়োজন হলে তিনি আবারও লিখিত নির্দেশ দেবেন বলেও মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, “আমি যে নির্দেশ দিচ্ছি, তা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, আমার নির্দেশ একরকম, আর অফিসে আলোচনা হচ্ছে আরেকরকম।”
এর আগে গত ৩ মার্চ শিক্ষামন্ত্রী এনটিআরসিএ কর্মকর্তাদের ডেকে এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করার নির্দেশ দেন। একই নিয়ম মাদরাসার প্রধান পদেও প্রযোজ্য হবে বলে জানানো হয়।
এছাড়া সহকারী অধ্যাপক ও সিনিয়র শিক্ষক পদে অপশন রাখার বিধানও বাতিল করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
নতুন এ শর্ত যুক্ত করে শিগগিরই সংশোধিত পরিপত্র প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক অধিকার ডেস্ক 
























