
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর ২ শিশুর মৃত্যুর ক্ষেত্রে হাম সংক্রমণ নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের মৃত্যুর ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা পর্যায়ে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা বাড়ানো গেলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
দৈনিক অধিকার ডেস্ক 






















