
শিশুদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও বহুমুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতা। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিংসহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর হেলেনাবাদ সরকারি কলোনি মাঠে বর্ণাঢ্য পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদ। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও প্রতিভার প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বজলুর রশীদ বলেন, “প্রাথমিক শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিশুর শারীরিক, মানসিক, সাংস্কৃতিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। প্রতিযোগিতাগুলো শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা এবং শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুর আখতার জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ জেলা পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে এখানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আটটি জেলার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা, বিষয়ভিত্তিক কুইজ, কাবিংসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের প্রতিভা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, দলগত চেতনা এবং সৃজনশীল মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সৈয়দ মাসুদ, রাজশাহী 


















