
লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার ত্রিপোলিভিত্তিক বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় সহযোগিতা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঙ্গলবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়া সরকারের সহযোগিতা এবং আইওএমের সমন্বয়ে তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
এর আগে গত ১৮ আগস্ট লিবিয়ার বেনগাজিতে আটক আরও ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দর সূত্র জানিয়েছে, দেশে ফেরা বাংলাদেশিরা বিভিন্ন জেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশে ফেরত আসা বেশিরভাগ বাংলাদেশি সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্রলোভন ও সহায়তায় লিবিয়ায় গিয়েছিলেন। তাঁদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।
বিমানবন্দরে দেশে ফেরা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় লিবিয়ায় তাঁদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করে অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
দেশে ফেরার পর আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে বাড়ি যাওয়ার যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী থাকার ব্যবস্থাও করা হয়েছে।
অধিকার ডেস্কঃ 























