
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, বর্তমান সংসদ অধিবেশনে তারা অংশ নিলেও আগামী অধিবেশনে যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সরকারের প্রতি বার্তা দিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী শাসনামলের রেখে যাওয়া সমস্যাগুলোর সমাধান করতে না পারলে তা প্রথমেই জনগণের কাছে খোলামেলাভাবে স্বীকার করতে হবে। তিনি বলেন, এই সংকট একার পক্ষে সমাধান করা সম্ভব নয়—এই সত্যটি মেনে নিতে হবে সরকারকে, কারণ বিরোধী দলের সমর্থন ছাড়া দেশ পরিচালনা করা কারও একার পক্ষে সম্ভব নয়।
পতিত স্বৈরাচার ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, তারা নিজেরা কোনোভাবেই স্বৈরাচার ফিরিয়ে আনার পথ তৈরি করছেন না, বরং বর্তমান ক্ষমতাসীনরাই এই পরিস্থিতি তৈরি করছেন জনগণের প্রকৃত সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়ে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থতার মধ্য দিয়ে। এর ফলে জনগণ বিকল্প শক্তির সন্ধানে রয়েছে বলে মন্তব্য করেন তিনি, এবং আজকের লংমার্চের মাধ্যমে সেই বিকল্প শক্তি কারা, তা জনগণ প্রত্যক্ষ করেছে বলেও উল্লেখ করেন।
কোনো নতুন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, যেভাবে তারা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছেন এবং পতিত স্বৈরাচারকে কোনোভাবেই দেশে ফিরতে দেওয়া হবে না, ঠিক একইভাবে নতুন কোনো স্বৈরাচারী শক্তিকেও এই বাংলাদেশে গড়ে উঠতে দেওয়া হবে না।
দৈনিক অধিকার ডেস্কঃ 
























