
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বদলে প্রশাসনকে দলীয়করণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির প্রস্তুতি ও সার্বিক পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন অভিযোগ করেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার পথে এগোচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়ার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে এনসিপি জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরছে। কিন্তু সরকার সেসব বিষয়কে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। এ অবস্থায় জনগণের কাছে গিয়ে সরকারের কর্মকাণ্ড ও বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির সদস্য সচিব বলেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে সাধারণ মানুষই তার জবাব দেবে এবং কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী লংমার্চের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমাতে লংমার্চে অংশ নেওয়া যানবাহনের সংখ্যা ৫ থেকে ৬ হাজারের পরিবর্তে প্রায় এক হাজারে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সারিতে যানবাহনগুলো ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা থেকে রওনা দেওয়ার পর প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় সিদ্ধিরগঞ্জ ট্রাক স্ট্যান্ডে। এরপর দুপুর ১২টায় কুমিল্লার নূর হোটেলের খালি জায়গায় পথসভা ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
পরে বিকেল ৩টায় ফেনীর মহিপালে এবং বিকেল ৫টায় চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে রাত ৯টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের মধ্য দিয়ে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শেষ হবে।
এদিকে কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
লিফলেট বিতরণকালে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি রেজাউল করিম অভিযোগ করেন, সরকারের দুর্নীতি ও অনিয়মের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে। তারা লংমার্চ কর্মসূচিতে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ একাধিক ইস্যু সামনে রেখে ১১ দল আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
অধিকার ডেস্কঃ 
























