
মাদারীপুরে রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। এ ঘটনায় মো. আব্দুস সালাম (৫৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের কয়েকজন সদস্য, শিশুসহ পথচারী এবং গাড়িতে থাকা কয়েকজন আসামি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুস সালাম মাদারীপুরের শিবচর থানাধীন ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর থানার একটি মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করার পর পুলিশ সদস্যরা তাদের নিয়ে শিবচরের উদ্দেশে ফিরছিলেন। পথে পখিরা এলাকায় শিশু ইলমা (৯) ও তার বাবা ইব্রাহীম সরদার (৩৭) রাস্তা পার হওয়ার সময় তাদের এড়াতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে জিপটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর পুলিশ সদস্য, গাড়িতে থাকা আসামি এবং শিশুসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য শহিদুল ইসলাম, নুরুজ্জামান, শামীম হোসেন ও মোজ্জামেল হক। এছাড়া আহত হয়েছেন শিশু ইলমা ও তার বাবা ইব্রাহীম সরদার।
দুর্ঘটনায় আহত আসামিদের মধ্যে রয়েছেন রাজ্জাক চোকদার, রুবেল চোকদার ও মো. হাসান। হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর তাদের অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পথচারী শিশুকে নিরাপদে রক্ষা করতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অধিকার ডেস্কঃ 






















